রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেল এবং তাদের গায়ক লিংকনের কাছে ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। রাবির সাবেক সমন্বয়ক ও আয়োজক কমিটির সদস্য সালাউদ্দিন আম্মার এই দাবি করেছেন। তিনি ১২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পরিশোধ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, “কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল ও লিংকন আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।” তিনি মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের তালিকা দিয়েছেন।
আম্মার আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে তারা আইনি পদক্ষেপ নেবেন এবং আর্টসেলের আসন্ন কানাডা সফর বাতিলের জন্য আওয়াজ তুলবেন।
তিনি তার পোস্টে আরও অভিযোগ করেন যে, আর্টসেলের ম্যানেজার এই বিষয়টিকে ‘চাঁদাবাজি’ হিসেবে তুলে ধরবেন বলে জানিয়েছেন। এর জবাবে সালাউদ্দিন আম্মার লেখেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করছো। তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসে কুকুরগুলোকে খাওয়াবো।” তিনি আর্টসেলের বিরুদ্ধে ‘কালচারাল ফ্যাসিস্ট’ হওয়ার অভিযোগ এনেছেন এবং বলেছেন, এর বিরুদ্ধে তার ‘জিরো টলারেন্স’ রয়েছে।
উল্লেখ্য, ১৫ আগস্ট রাবিতে একটি কনসার্ট আয়োজনের কথা ছিল, যেখানে আর্টসেলের পারফর্ম করার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরুর মাত্র ১২ ঘণ্টা আগে ব্যান্ডটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানায় যে, তারা কনসার্টে আসবে না।
আরো পড়ুন সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে মিষ্টি খাইয়ে গণপিটুনি
Rang Tv News & entertainment
