মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (AA) সদস্যরা বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে ফেরার পথে দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি আটক করে তারা।
এই ঘটনায় বাংলাদেশের জেলে এবং ট্রলার মালিকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আটক হওয়া ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন।
জেলেরা জানিয়েছেন, আটক জেলেদেরসহ ট্রলার দুটি রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে।
মিয়ানমারের রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রক আরাকান আর্মি পরিচালিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’ নামের ওয়েবসাইটে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ছবিসহ এই আটকের তথ্যটি নিশ্চিত করা হয়।
আরাকান আর্মি তাদের ওয়েবসাইটে দাবি করেছে, এই বাংলাদেশি ফিশিং ট্রলার দুটি মিয়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিল, তাই আরাকান (রাখাইন স্টেট) কর্তৃপক্ষ তাদের আটক করেছে।
Rang Tv News & entertainment