নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি)-এর হয়ে যুদ্ধ করতে গিয়ে ফয়সাল হোসেন (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৭ টিটিপি সদস্যের মধ্যে ফয়সালও ছিল।
রোববার (২৮ সেপ্টেম্বর) এই খবর জানাজানি হলে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।
ফয়সালের পরিবার, যারা তাকে দুবাই প্রবাসী বলে জানত, তারা এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফয়সাল ছিলেন মাদারীপুর সদর উপজেলার আবদুল আউয়াল মোড়লের ছেলে।
সোমবার তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান। ফয়সালের মা চায়না বেগম (৪৫) তখনো জানতেন না যে তার ছেলে মারা গেছেন; তিনি শুনেছিলেন যে তার ছেলে দুবাইতে অসুস্থ।
ফয়সালের নানা জয়নাল ব্যাপারীর কাছ থেকে মৃত্যুর খবরটি শোনার পর চায়না বেগম হাউমাউ করে কাঁদতে শুরু করেন। প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
Rang Tv News & entertainment
