মাত্র কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতারা। এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য জেলেনস্কিকে ক্রিমিয়ার দাবি ছেড়ে দিতে বলেছেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল। এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ট্রাম্পের শর্ত অনুযায়ী ইউক্রেনকে ইউরোপের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার হোয়াইট হাউসে প্রথমে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে এককভাবে বৈঠক করবেন। এরপর তিনি ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর নেতাদের সঙ্গে কথা বলবেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, রোববার ট্রাম্প প্রশাসন জানায়, রাশিয়া এবং ইউক্রেন কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। তবে ট্রাম্প পরোক্ষভাবে যুদ্ধ বন্ধের সম্পূর্ণ দায়িত্ব জেলেনস্কির ওপর চাপিয়ে দিয়েছেন।
Rang Tv News & entertainment
