ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা অভিনেত্রী আজমেরী হক বাঁধন এখন সামাজিক মাধ্যমে একশ্রেণির সাইবার আক্রমণের শিকার হচ্ছেন। বুধবার (২০ আগস্ট) ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রসঙ্গ তুলে ধরেছেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে বাঁধন লিখেছেন, একটা সময় তিনি শেখ হাসিনাকে ভালোবাসতেন। তবে একই সঙ্গে তিনি বলেন, “সময় মানুষের চরিত্র বদলে দেয়, ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করতে পারে।”
ছবিটি প্রসঙ্গে বাঁধন বলেন, “ওই সময় আমি মজা করে তাকে বলেছিলাম – অনেকে ভাবছে আমরা নাকি আগে থেকে ঠিক করে একই রঙের পোশাক পরেছি। তিনি তখন হেসেছিলেন। সেই হাসিটা তখন আমার কাছে সত্যি মনে হয়েছিল। সেই মুহূর্তে তিনি আমাদের একজন বলে মনে হয়েছিল।”
বাঁধন জানান, শেখ হাসিনার জীবন তাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েও তিনি দেশে ফিরে এসেছিলেন। “কিন্তু সময়ের সাথে আমি দেখেছি, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে,” যোগ করেন তিনি।
সামাজিক মাধ্যমে কটাক্ষের জবাবে বাঁধন আরও লেখেন, “শুধু তার সঙ্গে হাসলাম মানে এই নয় যে, আমি প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি! তাহলে আমার সহকর্মী আওয়ামী লীগ নেতারা এত ভয় পাচ্ছেন কেন?” তিনি বলেন, তিনি দেশের মানুষের কথা বলেন এবং তাদের পাশে আছেন। তিনি প্রশ্ন তোলেন, “আপনারা কেন আমাকে নিয়েই এত ব্যস্ত? জানি, হয়তো আপনারা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু অন্তত মানুষ হিসেবে আচরণ তো করতে পারেন।”
তিনি সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলেন, “আমাকে যেভাবে আক্রমণ করেছেন, দেশের নারীদের সঙ্গেও আপনারা ঠিক এভাবেই আচরণ করেন। যান, চালিয়ে যান এইসব বাজে কথা! আপনারা জিতেছেন-অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই?”
Rang Tv News & entertainment
