জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার বহুমুখী অভিনয় প্রতিভা দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও আলো ছড়িয়েছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে পুরুষদের নিয়ে তার জীবনের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি খোলাখুলিভাবে শেয়ার করেছেন।
বাঁধন জানান, অনেকেই মনে করেন যে তিনি পুরুষদের অপছন্দ করেন, কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। তার ভাষায়, “আমি পুরুষদের অপছন্দ করি না, আমি ঘৃণা করি পিতৃতন্ত্রকে—এবং নারী-পুরুষ উভয়কেই, যারা এই ব্যবস্থাকে টিকিয়ে রাখে।” তিনি বলেন, তিনি একসময় পিতৃতন্ত্রের বাহকদের ঘৃণা করলেও পরে বুঝেছেন যে এর মূল কারণ সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রের তৈরি করা কাঠামো।
বাঁধন তার জীবনে ইতিবাচক প্রভাব রেখেছেন এমন কিছু পুরুষের কথাও তুলে ধরেন। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বাবা, যিনি তাকে অনেকভাবে গড়ে তুলেছেন। এছাড়া, ‘রেহানা’ চলচ্চিত্রের পরিচালক সাদ-এর প্রভাবও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
তিনি নিজের দুই ভাইয়ের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা সবসময় তার পাশে ছিলেন। শরিয়াহ আইনে বোনেরা সমানভাবে সম্পত্তি না পেলেও তার দুই ভাই তাদের অংশ সমানভাবে ভাগ করে নিয়েছেন। এই প্রসঙ্গে বাঁধন বলেন, “আমি চাইনি যেন মনে হয় তারা আমাকে দিয়েছেন, কারণ সেটা শুরু থেকেই আমার প্রাপ্য ছিল। কিন্তু এটাই আমাদের বাস্তবতা। আমার ভাইরা ন্যায্যতা ও ভালোবাসা দিয়ে সাড়া দিয়েছে।” তিনি আশা করেন, একদিন আইনই সব নারীর জন্য সমান অধিকারের নিশ্চয়তা দেবে।
বাঁধন বলেন, জীবনে কিছু নিষ্ঠুর ও অমানবিক পুরুষের মুখোমুখিও তিনি হয়েছেন। তাদের আচরণ ছিল অসম্মানজনক ও সহিংস। তবুও তাদের প্রতিও এক ধরনের কৃতজ্ঞতা অনুভব করেন তিনি, কারণ তাদের নিষ্ঠুরতা তাকে আরও শক্তিশালী করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে।
Rang Tv News & entertainment
