বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির নামে পশ্চিমবঙ্গে নির্মিত হচ্ছে নতুন একটি ভৌতিক সিনেমা। তবে এই সিনেমার সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী পরীমণির কোনো সম্পর্ক নেই। এর নাম রাখা হয়েছে ‘পরীমণি’। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সিনেমাটি আগামী অক্টোবরে দীপাবলি উপলক্ষে মুক্তি পাবে।
সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ চক্রবর্তী এবং সৌভিক দে। এর মূল গল্পে অতিপ্রাকৃতিক উপাদানের সঙ্গে সমাজের কিছু গভীর বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘পরী’ এক কিশোরী, যার জীবন একদিকে সাধারণ হলেও অন্যদিকে তার অতীতটি অত্যন্ত জটিল এবং রহস্যময়। এই সিনেমায় ভয়, ভালোবাসা, অপরাধ এবং দায়বদ্ধতার মতো নানা দিক ফুটিয়ে তোলা হবে।
পরিচালক সৌভিক দে বলেন, “শুরুতে ‘পরীমণি’ শুধুমাত্র একটি হরর কনসেপ্ট ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি এটি শুধু ভয় নয় বরং, আমাদের সমাজের প্রতিচ্ছবি। আমরা চাই, এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের অজানা সত্যগুলো প্রকাশ করতে।”
সিনেমাটিতে ‘পরী’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। এছাড়া রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামীসহ আরও বেশ কিছু শক্তিশালী শিল্পী এতে রয়েছেন। সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং এখন শুধু মুক্তির অপেক্ষা।
Rang Tv News & entertainment
