নাটকের পরিচিত মুখ সাদিয়া আয়মান। কাজ করছেন সিনেমাতেও। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন উপস্থাপনায়। ব্রিটিশ কাউন্সিলের একটি পডকাস্ট সঞ্চালনায় দেখা যাবে তাঁকে।
একটি পত্রিকার সাক্ষাৎকারে সাদিয়া আয়মান বলেন এবারই প্রথম উপস্থাপনা করলাম। ব্রিটিশ কাউন্সিলের কানেকশন আনলকড নামের একটি পডকাস্ট সঞ্চালনায় দেখা যাবে আমাকে। ক্যারিয়ারের শুরুর দিকে যখন বিজ্ঞাপন করতাম, সে সময় উপস্থাপনার অনেক প্রস্তাব পেতাম। কিন্তু তখন আগ্রহ হয়নি। কারণ, আমার ইচ্ছা ছিল অভিনয় করার। এবার ব্রিটিশ কাউন্সিল যখন এই অনুষ্ঠানের কথা জানায়, কনসেপ্টটা ভালো লাগে। একেবারে ভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানটি। এখানে বিভিন্ন মাধ্যমের মানুষ আসবেন। দুটি পর্বের শুট শেষ করেছি। প্রথম পর্বে অতিথি ছিলেন ক্লাইমেট অ্যাকটিভিস্ট সোহানুর রহমান এবং ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসান।
কেমন অভিজ্ঞতা হলো জানতে চাইলে বলেন,
বিভিন্ন অনুষ্ঠানে, সাক্ষাৎকারে শুরুতেই আমাকে পরিচয় করিয়ে দেন সঞ্চালক। এবার আমিই অন্যদের পরিচয় করিয়ে দিচ্ছি। নতুন এক অভিজ্ঞতা। সব সময় নতুন কিছু শিখতে উদ্গ্রীব হয়ে থাকি। আমরা যারা শোবিজে কাজ করি, নিজেদের ইন্ডাস্ট্রির বাইরের কারও সঙ্গে তেমন মিশতে পারি না। আসলে মেশার সুযোগ হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনয়ের বাইরে বিভিন্ন সেক্টরের মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছি। আলোচনার বিষয়ও ভিন্ন। প্রথম পর্বে যেমন বিষয় ছিল ক্লাইমেট চেঞ্জ। এ ছাড়া অনেকে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে দেশে এসে কাজ করছেন। তাঁরা চাইলেই বিদেশে ক্যারিয়ার গড়তে পারতেন, কেন তাঁরা দেশকে বেছে নিলেন? এসব নিয়েও অনেক কথা হয়েছে। এ ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপনা করা আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করেছে।
আবার কবে আপনাকে বড় পর্দায় দেখা যাবে কিনা জানতে চাইলে বলেন,
সিনেমার ব্যাপারে হুট করে কোনো কিছু বলা যায় না। বেশ কয়েকজন নির্মাতা আমাকে জানিয়েছেন, তাঁরা আমাকে নিয়ে কাজ করতে চান। এর মধ্যে কয়েকজনকে না বলে দিয়েছি। কারণ, মনে হয়েছে, গল্পগুলো আমার সঙ্গে যায় না। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। সময় ও সুযোগ বুঝে নির্মাতাদের সঙ্গে গল্প নিয়ে বসার পরিকল্পনা আছে। শিগগির হয়তো ভালো কোনো খবর দিতে পারব।
নতুন কোনো নাটকের শুটিং করেছেন?
ছয় মাস পর নাটকের শুটিং করলাম। কয়েকটি নাটকের কাজ করা হয়েছে। কিছু ব্র্যান্ডের কাজ নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া ওটিটির জন্য কিছু কাজ করা আছে। সেগুলো সামনে মুক্তি পাবে। এ মাসে ভিকি জাহেদের পরিচালনায় চরকিতে একটি ওয়েব ফিল্ম আসবে। এটি অনেক আগে নাটক হিসেবে করেছিলাম। এরপর চরকি কিনে নেয়। যত দূর জানি, চরকিতে চলার পর আলফা আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
Rang Tv News & entertainment