নেপালের রাজধানী কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে জেনারেশন জেড (জেন-জি) বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা সোমবার কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস, জলকামান, রাবার বুলেট এবং ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে এই হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঠমান্ডুর বড় অংশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।
ন্যাশনাল ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. দিপেন্দ্র পাণ্ডে জানিয়েছেন, “আমাদের হাসপাতালে সাতজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মাথা ও বুকে গুলির আঘাত লেগেছে।” এছাড়াও, ২০ জনেরও বেশি আহত ব্যক্তি সেখানে চিকিৎসাধীন আছেন।
এভারেস্ট হাসপাতালের কর্মকর্তা অনিল আধিকারী জানান, তাদের হাসপাতালে তিনজন মারা গেছেন এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহনচন্দ্র রেগমি জানান, তাদের হাসপাতালে দুইজন মারা গেছেন। এছাড়াও কেএমসি ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে একজন করে মারা গেছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
Rang Tv News & entertainment
