আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১,২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করে থাকে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশের ইলিশের চাহিদা অনেক বেশি।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে আগ্রহী রপ্তানিকারকরা হার্ড কপিতে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্স-এর মতো প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে হবে।
সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করেছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদেরও নতুন করে আবেদন জমা দিতে হবে।
উল্লেখ্য, গত বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রথমে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে তা কমিয়ে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। এবার তার প্রায় অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো। গতবার মোট ৪৯টি প্রতিষ্ঠানকে এই রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল।
আদেশে আরও কিছু শর্ত উল্লেখ করা হয়েছে, যেমন: অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতিপত্র হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া অন্য কেউ ঠিকায় (সাব-কন্ট্রাক্ট) রপ্তানি না করা। সরকার যেকোনো সময় এই রপ্তানি বন্ধ করে দিতে পারবে।
Rang Tv News & entertainment
