পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তেহরিক ই তালেবানকে (টিটিপি) লক্ষ্য করে দেশটির বিমানবাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সোমবার খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকার মাত্রে দারা গ্রামে চালানো এই অভিযানে ৮টি এলএস-৬ বোমা নিক্ষেপ করেছে পাকিস্তান বিমানবাহিনী।
হামলার পর গ্রামটির কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেসব ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তালেবানপন্থী সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি রয়েছে খাইবার পাখতুনখোয়ায়। পাকিস্তানে সন্ত্রাসী হামলা ও তৎপরতার জন্য কয়েক বছর আগেই গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই খাইবার পাখতুনখোয়াতে টিটিপির তৎপরতা বেড়েছে। টিটিপি একের পর এক সন্ত্রাসী হামলা ঘটাতে থাকে, যেখানে পুলিশ, সেনাবাহিনী ও সাধারণ মানুষ তাদের হামলার লক্ষ্য হয়। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় মোট ৬০৫টি ছোট-বড় সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ১৩৮ জন বেসামরিক এবং ৭৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শত বেসামরিক, পুলিশ ও সেনা। শুধু আগস্ট মাসেই ১২৯টি সন্ত্রাসী হামলা ঘটেছে।
Rang Tv News & entertainment
