জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ওয়াশিংটনে পৌঁছেছেন। ১৯৬৭ সালের পর এটিই প্রথম কোনো সিরীয় শীর্ষ নেতার যুক্তরাষ্ট্র সফর।
সিরিয়া টিভি জানিয়েছে, আল-শারার সঙ্গে চারজন মন্ত্রী রয়েছেন। এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে, যার মধ্যে ওয়াশিংটনে সিরিয়ার দূতাবাস পুনরায় চালু করার বিষয়ও রয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবস জানিয়েছেন, অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নেতার মধ্যে একটি বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, একসময় আল-কায়েদার সাবেক নেতা আল-শারার মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত মে মাসে রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে একটি বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া গঠনে দামেস্কের প্রতি সমর্থন জানায়।
উল্লেখ্য, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও অর্ধ শতকেরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসনের পতনের পর আল-শারার নেতৃত্বাধীন জোট গত বছরের ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতা দখল করে। সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।
Rang Tv News & entertainment