শিরোনাম

রাগাসার আঘাতে হুয়ালিয়েন বিধ্বস্ত: নিখোঁজ ১২৪ জন

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসা তাইওয়ানে আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন, ১৮ জন আহত হয়েছেন এবং ১২৪ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) টাইফুনটি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনের উপকূলে আছড়ে পড়ে। এই জেলাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশেষ দল কাজ করছে এবং নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

দমকল কর্মকর্তা ওয়াং সে-আন বলেন, হুয়ালিয়েনের গুয়াংফু এলাকায় নদীর প্রবল স্রোতে একটি বড় সেতু ভেসে গেছে। প্রায় এক হাজার মানুষের বসবাসকারী গ্রামটি এখন পানির নিচে ডুবে আছে এবং অনেক বাসিন্দা এখনও আটকা পড়ে আছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, রাগাসার তাণ্ডবে মঙ্গলবার থেকে তাইওয়ানসহ দক্ষিণ চীন সাগরের উপকূলজুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি চলছে। তবে হুয়ালিয়েন ছাড়া অন্য কোনো জেলায় বা হংকংয়ে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, রাগাসা দক্ষিণ চীন সাগরে একটি নিম্নচাপ থেকে শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে পরিণত হয়। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এটি প্রথমে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানিজ দ্বীপে আঘাত হানে। তখন এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার।

বর্তমানে রাগাসা দ্রুত চীনের দক্ষিণ উপকূল ও হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …