কর্মব্যস্ত জীবনে জিমে যাওয়ার সময় পাওয়া কঠিন। খরচ করে ভর্তি হলেও অনেকেই নিয়মিত যেতে পারেন না। কিন্তু জিমে না গিয়েও ফিট থাকা সম্ভব, এমনকি ওজনও কমানো যায়। এর জন্য জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি এবং ধারাবাহিকতা বজায় রাখলে তবেই সঠিক ফল পাওয়া যাবে।
১. শরীরচর্চা: ওজন বাড়লে রোগ বাসা বাঁধে, তাই ফিট থাকতে শরীরচর্চা করতেই হবে। জিমে যেতে না পারলে প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা সময় বরাদ্দ রাখুন। বাড়িতেই কার্ডিও ব্যায়াম করতে পারেন। এছাড়া, নিয়মিত হাঁটা, সাইক্লিং, জগিং বা যোগাসনও খুব উপকারী। শরীর সচল থাকলে হজম ভালো হবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে।
২. চিনি বাদ দিন: ওজন বাড়ার অন্যতম কারণ হলো শর্করা। ডায়েট থেকে চিনি বা মিষ্টি একেবারেই বাদ দিয়ে দিন। সকালের দুধ চা, দুপুরের মিষ্টিমুখ, বা রাতের কেক-চকোলেট খাওয়ার অভ্যাস বন্ধ করতে হবে।
৩. ফাইবার ও প্রোটিন: ডায়েটে ফাইবারের পরিমাণ বাড়ালে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং মেদ কম জমে। কার্বোহাইড্রেট ও ফ্যাটের মাত্রা কমিয়ে প্রোটিন বেশি করে রাখুন।
৪. খাদ্যাভ্যাস: সকালের নাশতা বাদ দেবেন না। একবারে বেশি না খেয়ে, সারা দিন অল্প করে বারবার খাওয়ার অভ্যাস করুন। রাতের খাবার রাত ৮টার আগে সেরে ফেললে ভালো হয়। তা না হলে খাওয়ার দুই-তিন ঘণ্টা পর ঘুমান।
৫. পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ: মানসিক চাপ বাড়লে শরীর খারাপ হয়। মানসিক চাপ কমাতে পর্যাপ্ত ঘুম জরুরি। রাত জাগার অভ্যাস পরিবর্তন করে দিনে সাত-আট ঘণ্টার ঘুম নিশ্চিত করুন। সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস শুরু করলে নিজের জন্য অনেকটা সময় পাবেন।
Rang Tv News & entertainment
