শিরোনাম

মেসিকে কটাক্ষ করে ব্যানার, ক্ষোভে ফেটে পড়েছেন ভক্তরা

লিওনেল মেসিকে নিয়ে ব্যঙ্গাত্মক ব্যানার প্রদর্শনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তার ভক্তরা। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসি’র (এলএএফসি) বিপক্ষে ১-০ গোলে হেরে যায় ইন্টার মায়ামি। তবে মাঠের খেলা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে স্টেডিয়ামে টাঙানো একটি ব্যানার, যেখানে দেখা যায় বয়সের ছাপ পড়া মেসির ছবি, সঙ্গে লেখা— ‘পেসি’। এই শব্দটি দিয়ে ইঙ্গিত করা হয় যে, মেসি নাকি ক্যারিয়ারের অধিকাংশ গোল করেছেন পেনাল্টি থেকে।

এমন কটাক্ষ ভালোভাবে নেননি মেসি ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে তারা এলএএফসি সমর্থকদের তীব্র সমালোচনা করেন। অনেকেই ধারণা করছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরাই এই ব্যানার তৈরির পেছনে রয়েছেন। এক ভক্ত লেখেন, “আমরা সবাই জানি, এটা রোনালদোর কোনো ভক্তের কাজ। বুদ্ধিমান কেউ এমন করবে না।”

আরেকজন ভক্ত লেখেন, “তোমরা এর ফল ভোগ করবে। এটা এখন আমাদের কাছে ব্যক্তিগত ব্যাপার!”

এদিকে, কিছু সমর্থক ব্যানারটিকে এলএএফসি-র মেসির বিরুদ্ধে জমে থাকা আক্ষেপের বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন। একজন মন্তব্য করেন, “ওরা এখনো ভুলতে পারেনি, মেসি তাদের শেষবার হারিয়েছিল!”

আন্তর্জাতিক বিরতির পর প্রথমবারের মতো ক্লাব ফুটবলে শুরুর একাদশে নামেন মেসি। পুরো ৯০ মিনিট খেললেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি। ম্যাচের ৫৭তম মিনিটে এলএএফসি-র তরুণ স্ট্রাইকার নাথান অর্ডাজ দুর্দান্ত শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর ইন্টার মায়ামি গোল শোধের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

এই হারের ফলে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে টিকে থাকতে হলে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতেই হবে মেসিদের। নাহলে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের শঙ্কায় পড়বে দলটি।

এছাড়াও দেখুন

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া ফিফা বিশ্বকাপের আসরের জন্য লাতিন আমেরিকা থেকে …