বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তর্বর্তীকালীন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। গতকাল বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টার ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। আগামী ১৭ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সম্প্রতি বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দেশের ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন তিনি ক্রিকেট উন্নয়নের লক্ষ্যেই।
তবে তার এবারের অস্ট্রেলিয়া সফর সম্পূর্ণরূপে ব্যক্তিগত। তার পরিবার আগেই অস্ট্রেলিয়ায় চলে গেছেন, যেখানে তার দুই ছেলে পড়াশোনা করছে এবং স্ত্রী কর্মজীবনে ব্যস্ত সময় পার করছেন। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল সর্বশেষ ঈদুল আজহার পর থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাননি।
উল্লেখ্য, বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার আগে আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন। এছাড়াও, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
Rang Tv News & entertainment
