বিতর্কিত হলেও জনপ্রিয় ব্যক্তিত্ব আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আলোচনা-সমালোচনার ঊর্ধ্বে উঠে নিজের কাজ করে যাচ্ছেন। রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এই তারকা এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে এই আলোচিত অবস্থানে পৌঁছানো হিরো আলম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
হিরো আলম বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবো। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ঢাকা দক্ষিণ সিটির মানুষদের সঙ্গে কথা বলছি, মতবিনিময় করছি। সময় হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।”
ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের মতো শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে—এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, “কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তবে সব কিছুই নির্ভর করে জনগণের ওপর।” তিনি আরও জানান যে, জনগণ চাইলে তিনি জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারেন, তবে আপাতত তার মূল মনোযোগ মেয়র নির্বাচন ঘিরেই। অনেকেই তাকে ফোন করে উৎসাহ দিচ্ছেন এবং আলোচনা চলছে বলেও জানান তিনি। হিরো আলম মূলত মানুষের জন্য কাজ করার সুযোগ চান।
উল্লেখ্য, হিরো আলম এর আগে ২০২৩ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে ভোটগ্রহণের দিন তার ওপর হামলা হয় এবং তিনি ভোট বাতিলের জন্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছিলেন।
এছাড়া, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনেও হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়া-৪ আসনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন। অন্যদিকে, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হয়েছিলেন।
Rang Tv News & entertainment
