সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তেলাপোকা দেখা যাওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এআই১৮০ নম্বর ফ্লাইটটিতে দুই যাত্রী বিমানে তেলাপোকা দেখেছেন বলে অভিযোগ করেন। ঘটনাটি কলকাতা পর্যন্ত যাত্রার সময় নজরে আসে।
এই অভিযোগের পর এয়ার ইন্ডিয়া ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, বিমান মাটিতে থাকা অবস্থায় মাঝে মাঝে পোকামাকড় প্রবেশ করতে পারে। যাত্রীদের ভোগান্তি কমাতে তাদের একই শ্রেণির অন্য আসনে সরিয়ে নেওয়া হয়। পরে কলকাতা বিমানবন্দরে জ্বালানি নেওয়ার বিরতির সময় বিমানটিকে ভালোভাবে পরিষ্কার করা হয় এবং যথাসময়ে সেটি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, নিয়মিত জীবাণুনাশক ছিটানো হলেও এমন ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে তারা পোকামাকড়ের উৎস ও প্রবেশের কারণ চিহ্নিত করতে তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ভুবনেশ্বর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট অতিরিক্ত তাপমাত্রার কারণে বাতিল হয়েছিল, যা সংস্থাটির সেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
Rang Tv News & entertainment
