জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার সোমবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুমতাজ শাহের তত্ত্বাবধানে তার চিকিৎসা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্থিতিশীল আছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
৪১ বছর বয়সী সাবা কামার ২০০৫ সালে ‘ম্যায় আওরত হুঁ’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর ‘বাগি’ ও ‘দাস্তান’-এর মতো নাটকে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
শুধু ছোটপর্দাই নয়, বড়পর্দাতেও তিনি সফল। ২০১৭ সালে বলিউডের সিনেমা ‘হিন্দি মিডিয়াম’-এ ইরফান খানের বিপরীতে অভিনয় করে তিনি দুই দেশেই প্রচুর প্রশংসা কুড়ান। এছাড়া পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’ এবং ‘কমলি’-তেও তার অভিনয় সমালোচকদের মন জয় করে।
সাবা কামারের হঠাৎ অসুস্থতার খবরে তার ভক্তরা চিন্তিত হয়ে পড়লেও, তার সুস্থতার খবরে সবাই স্বস্তি প্রকাশ করেছেন।
Rang Tv News & entertainment
