চাঁদপুরের বাসিন্দা দেলোয়ার হোসাইন আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সম্মান পেয়েছেন। উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্ণ স্কলারশিপ পেয়ে তিনি উইকিপিডিয়ার সবচেয়ে বড় বৈশ্বিক সম্মেলন ‘উইকিম্যানিয়া ২০২৫’-এ অংশ নিচ্ছেন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে সাত দিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বের ৩০০টিরও বেশি ভাষা থেকে নির্বাচিত উইকিপিডিয়ানদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ থেকে দেলোয়ারসহ মোট পাঁচজন উইকিপিডিয়ান অংশগ্রহণ করছেন। অন্য চারজন হলেন: বগুড়ার মাসুম আল হাসান রকি, ময়মনসিংহের দোলন প্রভা, বরগুনার মুহাম্মদ ইয়াহিয়া এবং আরব আমিরাত প্রবাসী মো. জিল্লুর রহমান। উইকিমিডিয়া ফাউন্ডেশন এই প্রতিনিধিদের যাতায়াত, থাকা ও সম্মেলন ব্যয়সহ সকল খরচ বহন করছে।
সম্মেলনে উইকিপিডিয়ার নতুন প্রযুক্তি, বৈশ্বিক পরিকল্পনা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে। বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে এবার বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ‘বাংলা উইকিমৈত্রী’ ও ‘উইকি ভালোবাসে রমজান’ প্রকল্প, যা বাংলা উইকিপিডিয়ায় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করেছে।

দেলোয়ার হোসাইন একজন পেশাদার সাংবাদিক এবং তথ্যপ্রযুক্তি প্রশিক্ষক। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন আরটিভির মোবাইল জার্নালিজম বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও তিনি চাঁদপুর টাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক ও ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব চাঁদপুরের সহ-সভাপতি ছিলেন। তিনি আইসিটি মন্ত্রণালয়ের ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পে প্রশিক্ষক ও কো-অর্ডিনেটর হিসেবেও কাজ করেছেন।
উইকিপিডিয়ায় তার সক্রিয় ভূমিকার জন্য তিনি আগেও স্বীকৃতি পেয়েছেন। ২০১৯ সালে ‘বাংলা ভাষা আন্দোলনে নারী’ সহ ১৫ জন নারীর জীবনী নিবন্ধ লিখে সুইডিশ দূতাবাসের সম্মাননা পান। ২০২১ সালে নারী ও যুববান্ধব কারিগরি শিক্ষা নিয়ে রিপোর্টিংয়ের জন্য ‘নারী মৈত্রী’ ও অ্যাকশনএইড বাংলাদেশ থেকে ফেলোশিপও পেয়েছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করাই তার নিত্যদিনের কাজ। বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে তিনি বাংলা এবং ইংরেজি উইকিপিডিয়ায় ১,০০০-এর বেশি নিবন্ধ লিখেছেন।
উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, “উইকিম্যানিয়া শুধু একটি সম্মেলন নয়, এটি অভিজ্ঞতা ও আইডিয়া ভাগাভাগির আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।” তিনি আশা প্রকাশ করেন যে, দেলোয়ারসহ বাংলাদেশের প্রতিনিধিরা বাংলা উইকিপিডিয়াকে আরও উন্নত করতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরবেন।
আরো দেখুন চাঁদপুরের দেলোয়ার হোসাইন কেনিয়ার আন্তর্জাতিক সম্মেলনে
Rang Tv News & entertainment
