শিরোনাম

গোপন প্রেমের কথা প্রকাশ করলেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে তার ক্যারিয়ারের সফলতম সময়ে রয়েছেন। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা, ‘ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’, যা ব্যাপক সাড়া ফেলেছে। তবে এবার তার ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায় সামনে এসেছে। দীর্ঘদিনের গোপন প্রেমের কথা প্রকাশ করেছেন জয়া। তবে এখনই বিয়ে নিয়ে তার কিছুটা ভয় ও দ্বিধা কাজ করছে।

​জয়া আহসান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তার জীবনে একজন বিশেষ ব্যক্তি রয়েছেন, যার সঙ্গে তিনি বহু বছর ধরে সম্পর্কে আছেন। তিনি বলেন, “আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি, কিন্তু সে বিনোদন জগতের কেউ নয়। আমাদের সম্পর্কের মূল ভিত্তি হলো বন্ধুত্ব, কারণ আমি বিশ্বাস করি যে, পার্টনার হওয়ার আগে বন্ধুত্ব থাকা খুব গুরুত্বপূর্ণ।”

​জয়ার মতে, তার সঙ্গী তাকে সব সময় সমর্থন দেন এবং তার ব্যস্ততা নিয়ে কখনো অভিযোগ করেন না, যা খুবই বিরল একটি গুণ। তিনি আরও বলেন, “আমি অনেক ভ্রমণ করি এবং দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবে কখনো সে আমার জন্য অভিযোগ করেনি বরং, সবসময় আমাকে সমর্থন দিয়েছে। এমন মানসিকতা সত্যিই বিরল।”

​প্রেমের কথা প্রকাশ করলেও, জয়া বিয়ে নিয়ে এখনও নিশ্চিত নন। তিনি বলেন, “বিয়ে নিয়ে আমার কিছুটা ভয় রয়েছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে এভাবে অনুভব করি। আমি বিয়ে করার বিষয়টি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি তবে এখনই তার জন্য কোনো পরিকল্পনা নেই।” তার মতে, সম্পর্কের ক্ষেত্রে বিয়ে গুরুত্বপূর্ণ হলেও এর জন্য সম্পূর্ণ মানসিক প্রস্তুতির প্রয়োজন।

​জয়া তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুবই গোপনীয়। তিনি জানান, তার সঙ্গীও খুব শান্ত স্বভাবের এবং ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেন, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

​তিনি তার অতীতের সম্পর্কের বিষয়ে বলেছেন, “জীবনে উত্থান-পতন তো ঘটবেই, এটা স্বাভাবিক।” জয়া আরও বলেন, সেই সময় তার সম্পূর্ণ মনোযোগ কাজে ছিল এবং কাজের প্রতি এই একাগ্রতার জন্যই তিনি সবার প্রশংসা পেয়েছেন। উল্লেখ্য, জয়া আহসান ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ে করেন এবং ২০১১ সালে তাদের ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …