শিরোনাম

চীন-পাকিস্তানের হুমকি মোকাবিলায় ভারতের নতুন ক্ষেপণাস্ত্র

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘অগ্নি-৫’ নামের একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি, দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ক্ষেপণাস্ত্রটি চীনের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। বুধবার (২০ আগস্ট) ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে এটি উৎক্ষেপণ করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ছিল সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী। এতে এর সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতা সঠিকভাবে যাচাই করা হয়েছে। অগ্নি-৫ ভারতের নিজস্ব উদ্যোগে তৈরি হওয়া স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত চীন ও পাকিস্তানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। ২০২০ সালে লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর তাদের সম্পর্ক মারাত্মকভাবে অবনতি হয়। তবে সম্প্রতি কিছুটা সম্পর্কোন্নয়নের ইঙ্গিত মিলেছে। গত অক্টোবরে রাশিয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনে পাঁচ বছর পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি বৈঠক করেন। চলতি মাসের শেষের দিকে মোদির চীন সফরের সম্ভাবনা রয়েছে।

এদিকে, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গেও উত্তেজনা বজায় রয়েছে। চলতি বছরের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে।

বিশ্লেষকদের মতে, অগ্নি-৫ উৎক্ষেপণের মাধ্যমে ভারত শুধু নিজেদের সামরিক সক্ষমতা যাচাইই করেনি, বরং প্রতিবেশী শক্তিগুলোর উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তাও দিয়েছে। বিশেষ করে যখন দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তখন এমন একটি পরীক্ষার গুরুত্ব অনেক।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …