যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ শুল্ক বুধবার থেকে ভারতের জন্য কার্যকর হয়েছে, যা দেশটির ব্যবসা-বাণিজ্যে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রমোশন কাউন্সিলের প্রেসিডেন্ট পংকজ চাড্ডা জানিয়েছেন, এই শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভারতের বার্ষিক ৮৭ বিলিয়ন ডলারের রপ্তানির প্রায় ৫৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ভিয়েতনাম, বাংলাদেশ ও চীনের মতো দেশগুলো লাভবান হতে পারে। এরই মধ্যে মার্কিন ক্রেতারা নতুন অর্ডার বন্ধ করে দিয়েছে এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে ভারতের রপ্তানি ২০ থেকে ৩০ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে। চাড্ডা বলেন, সরকার ব্যাংক ঋণ ও বিকল্প বাজার খোঁজার প্রতিশ্রুতি দিলেও রপ্তানিকারকরা এতে খুব বেশি আশাবাদী নন। মার্কিন শুল্কের কারণে ভারতের ডায়মন্ড শিল্প ইতোমধ্যে বড় ধাক্কা খেয়েছে।
এই শুল্কের কারণ হিসেবে ভারতের রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখাকে দায়ী করা হচ্ছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নও রাশিয়া থেকে তেল কিনছে, তাই শুধুমাত্র ভারতকে দোষারোপ করা অন্যায়।
এদিকে, এই সংকটের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকস্মিকভাবে চীন সফরে যাচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ মোকাবিলায় একটি কৌশলগত পদক্ষেপ।
Rang Tv News & entertainment
