পটুয়াখালীর এক অবসরপ্রাপ্ত শিক্ষিকা আজিজুননাহার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক অভিনব প্রতারণার শিকার হয়েছেন। প্রতারকচক্র এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তার সন্তানের কণ্ঠস্বর নকল করে কয়েক দফায় ৩৩ হাজার ২০০ টাকা হাতিয়ে নিয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্ত কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ বায়ান্ন টিভিকে এই খবর নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী জানান, সকালে একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে। ফোনে অপর প্রান্তে থাকা ব্যক্তি কৌশলে তার ছেলে ও পরিবারের খোঁজ-খবর নেন। এরপর প্রতারক তাকে জানান যে, তার বড় ছেলে এক মেয়েকে নিয়ে তাদের হাতে আটক আছে। বিষয়টি বিশ্বাসযোগ্য করতে প্রতারক এআই ব্যবহার করে তার ছেলে রাশিদুল হাসান সেতুর কণ্ঠ নকল করে কথা বলেন এবং ২০ হাজার টাকা দ্রুত পাঠানোর অনুরোধ করেন।
প্রতারকের কথায় বিশ্বাস করে আজিজুননাহার কয়েকটি কিস্তিতে একটি নগদ নম্বরে মোট ৩৩ হাজার ২০০ টাকা পাঠান। পরে তিনি ছোট ছেলেদের কাছে বিষয়টি জানালে তারা বড় ছেলে সেতুর সঙ্গে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে, কোনো ঘটনাই ঘটেনি।
প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ওই শিক্ষিকা পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
Rang Tv News & entertainment
