পটুয়াখালী শহরের সদর রোডের পুরাতন আদালতপাড়া এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বুথের পাশ থেকে একটি চশমার দোকান থেকে প্রায় ২ লাখ টাকা এবং একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকান থেকে ১০ হাজার টাকা চুরি করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাংকের চ্যানেল অফিসার রিংকু পাইন জানান, একদল দুর্বৃত্ত বুথের অফিসে ঢুকে কম্পিউটার চুরি করে এবং এটিএম মেশিনে ভাঙচুর চালায়। এ সময় তারা বুথের নিরাপত্তাকর্মী মজিবুর রহমানকে (৫৫) মারধর করে।
ভুক্তভোগী নিরাপত্তাকর্মী মজিবুর রহমান জানান, রাত আড়াইটার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ বুথে ঢুকে তার চোখ ও মুখ বেঁধে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে তার বাঁ হাত ভেঙে গেছে। তাকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এটিএম বুথের পাশের চশমার দোকান ‘ফ্যাশন অপটিক্যাল’-এর মালিক জাকির হোসেন জানান, দুর্বৃত্তরা তার দোকানের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে। একই সময়ে সদর পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকান থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মনিটর চুরি হয়। দোকানের মালিক কামরুল সিকদার বলেন, চুরির ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
ওসি ইমতিয়াজ আহমেদ জানান, প্রাথমিক তদন্তে এটিএম বুথে ডাকাতির ঘটনা নিশ্চিত হওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দুজন সন্দেহভাজনকে দেখা গেছে এবং তাদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে অন্য দুটি দোকানে চুরির বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
Rang Tv News & entertainment
