ভারতের আসাম রাজ্যের বিশ্বনাথ জেলায় রোববার (১৭ আগস্ট) এক উচ্ছেদ অভিযানে ৩০৯টি পরিবারকে বাস্তুচ্যুত করেছে রাজ্য সরকার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর বেশিরভাগই বাংলাভাষী মুসলিম।
জেলা প্রশাসক সীমান্তকুমার দাস জানিয়েছেন, উচ্ছেদকৃত ১৭৫ বিঘা জমি দীর্ঘদিন ধরে বেদখল অবস্থায় ছিল।
তবে এই উচ্ছেদকে ‘অমানবিক’ বলে আখ্যা দিয়েছেন বিশ্বনাথ জেলার অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আলি সরকার।
এদিকে, এই উচ্ছেদ কার্যক্রমে সমর্থন জানিয়েছে আসামের কয়েকটি জাতিগত সংগঠন, যারা রাজ্যে ‘মিঞা খেদা আন্দোলন’ (মিয়াদের তাড়ানোর আন্দোলন) চালাচ্ছে। উল্লেখ্য, ‘মিঞা’ শব্দটি মূলত আসামের বাংলাভাষী মুসলমানদের জন্য ব্যবহৃত একটি অবমাননাকর শব্দ, যা অবাঙালি ভাষাভাষীরা তাদের অভিবাসী হিসেবে অভিহিত করতে ব্যবহার করে।
Rang Tv News & entertainment
