ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি লঙ্ঘন করে গভীর রাতে রোকেয়া হলে প্রবেশের অভিযোগ ওঠায় ক্ষমা চেয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (২৫ আগস্ট) তিনি রোকেয়া হলের প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে একটি লিখিত আবেদন জমা দেন।
পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রোকেয়া হলে প্রবেশের কারণ ব্যাখ্যা করেন। উমামা জানান, তিনি কোনো নির্বাচনী প্রচার বা মিটিংয়ের জন্য যাননি। বরং মানসিক ধকল থেকে মুক্তি পেতে একজন বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি বলেন, “আমি হল গেট রাত ১০টায় বন্ধ হওয়ার আগেই হলে প্রবেশ করেছি। তাই রাত ১টা ৩০ মিনিটে আসার যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”
উমামা ফাতেমা অভিযোগ করেন যে, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে ইচ্ছাকৃতভাবে হেনস্তা করা হচ্ছে। তিনি বলেন, “কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চেয়েছি।” এই পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে দাবি করে তিনি রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছেন।
তিনি আরও বলেন, এক হলের শিক্ষার্থী অন্য হলে যাওয়া কোনো ফৌজদারি অপরাধ নয়। এটি নিয়মবহির্ভূত হলেও শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে এমনটি করে থাকে। তিনি এই ধরনের হেনস্থাকে মেয়েদের চলাচলের পরিসর কমানোর একটি চেষ্টা বলে মনে করেন। উমামা অঙ্গীকার করেন, যদি তিনি নির্বাচিত হন, তবে এক হলের মেয়েরা যাতে অন্য হলে নির্বিঘ্নে যেতে পারে তার ব্যবস্থা করবেন।
Rang Tv News & entertainment