ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি নেইমারের। এ নিয়ে নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
আনচেলোত্তি জানিয়েছেন, নেইমারের একটি ‘ছোটখাটো সমস্যা’ রয়েছে, যা মিটিয়ে ফেলার পরই মাঠে নামা সম্ভব হবে। তবে নেইমার নিজের পক্ষ থেকে একরকম জবাবই দিয়েছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে কেটলবেল হাতে জিমে পরিশ্রম করার ছবি দিয়ে নেইমার লিখেছেন, ‘সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা ও লক্ষ্য অর্জনে স্থির প্রচেষ্টার মাধ্যমে। লক্ষ্য পূরণ না হলেও যে মানুষ প্রতিবন্ধকতা জয় করতে জানে, সে অন্তত প্রশংসনীয় কিছু করতে পারবে।’
বার্সেলোনা ও পিএসজিতে খেলে দারুণ সাফল্য পাওয়া নেইমার এবার সান্তোসে ফিরেও ধারাবাহিকভাবে আলো ছড়াতে পারছেন না। চলতি মৌসুমে ১৯ ম্যাচে তার গোল মাত্র ৬টি, অ্যাসিস্ট ৩টি।
ফলে ২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে হলে ফিটনেস ধরে রাখা এবং মাঠে পারফরম্যান্স দুটিই উন্নত করতে হবে তাকে।
১৬ ম্যাচে তৃতীয় স্থানে থাকা ব্রাজিল ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। সেপ্টেম্বরে তারা প্রথমে চিলিকে আতিথ্য দেবে (৫ সেপ্টেম্বর), এরপর খেলবে বলিভিয়ার মাঠে (১০ সেপ্টেম্বর)। কিন্তু নেইমার আবার কবে জাতীয় দলের জার্সিতে ফিরতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।
Rang Tv News & entertainment
