ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্টকে ঘিরে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য আসছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে চমক তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।” তার এই মন্তব্যের পরই নেতিবাচক মন্তব্যে ভরে যায় পোস্টটি।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, “রিকশা না চললে আমরা চলবো কীভাবে?” আরেকজন সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “গরিবের পেটে লাথি কেন?” আরেকজন লম্বা মন্তব্যে লিখেছেন, “ছোট থেকে এই রিকশায় যাতায়াত করেছেন, এখন একটু টাকা হয়েছে তো তাই ভাব বাড়ছে।” তিনি অভিনেত্রীকে ‘নিচু মন-মানসিকতা’ ত্যাগ করারও পরামর্শ দেন।
তবে নেটিজেনদের একাংশ চমকের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লিখেছেন, “এটা ভালো উদ্যোগ।” অন্য একজন মন্তব্য করেছেন, “একদম ঠিক কথা বলেছেন। আমাদের সবার উচিত ট্যাক্স বন্ধ করে দেওয়া।”
অভিনেত্রী চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন এবং ২০২০ সাল থেকে তিনি অভিনয়ে নাম লেখান। তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজের নানা অসঙ্গতি নিয়ে সরব থাকেন।
Rang Tv News & entertainment
