গরমে অতিরিক্ত ঘাম এবং তার থেকে হওয়া দুর্গন্ধ নিয়ে অনেকেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশিরভাগ মানুষই সুগন্ধি ব্যবহার করেন। কিন্তু, বাজারে প্রচলিত সুগন্ধিতে থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদান বিভিন্ন চর্মরোগ এমনকি ক্যান্সারের কারণও হতে পারে। এই সমস্যার একটি সহজ এবং কার্যকরী সমাধান হলো ফিটকিরি।
ফিটকিরির বৈজ্ঞানিক নাম পটাশিয়াম অ্যালাম। এটি একটি প্রাকৃতিক খনিজ লবণ। শরীরের দুর্গন্ধ মূলত ত্বকের ব্যাকটেরিয়ার কারণে হয় এবং এই ব্যাকটেরিয়া ঘাম থেকে তৈরি হয়। ফিটকিরিতে থাকা অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এই ঘামের দুর্গন্ধ প্রাকৃতিকভাবে দূর করতে সাহায্য করে।
ফিটকিরি দিয়ে বাড়িতেই বডি স্প্রে তৈরি করা সম্ভব। এর জন্য এক কাপ পানিতে এক টুকরো ফিটকিরি ভিজিয়ে রাখুন। ফিটকিরি পানিতে মিশে গেলে তা একটি স্প্রে বোতলে ঢেলে নিন। ফিটকিরির নিজস্ব কোনো গন্ধ নেই, তাই আপনার পছন্দমতো কোনো এসেনশিয়াল অয়েল যোগ করে নিতে পারেন। এটি আপনি বডি স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন।
এছাড়া, আপনি ফিটকিরির গুঁড়াও ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ ফিটকিরি গুঁড়ার সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল বা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এটি প্রতিদিন গোসলের পর ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ দূর হবে।
Rang Tv News & entertainment
