ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী বা বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ভেতরে পুলিশ, বিজিবি, র্যাব ও বিএনসিসির সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা প্রত্যেক শিক্ষার্থীর পরিচয়পত্র যাচাই করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। ভোটকেন্দ্রগুলোতেও তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ক্যাম্পাসে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিটও নিয়োজিত রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট। ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী লড়ছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।
ভোটের মাঠে বেশ কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’ থেকে আবিদুল ইসলাম খান (ভিপি) ও শেখ তানভীর বারী হামিম (জিএস) আলোচনায় রয়েছেন। এছাড়াও, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে আবু সাদিক কায়েম (ভিপি) লড়ছেন। গণতান্ত্রিক ছাত্রসংসদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ছাত্র অধিকার পরিষদ ও বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকেও গুরুত্বপূর্ণ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Rang Tv News & entertainment
