ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনার কাজ শুরু করা হয়েছে।
ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপন করা এলইডি স্ক্রিনে শিক্ষার্থীরা সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন।
সারাদিনের এই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে। কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের প্রতিফলন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার রয়েছেন।
এবার ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী লড়ছেন।
Rang Tv News & entertainment
