শিরোনাম

বাস টার্মিনালের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন এসআই

সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন সংলগ্ন বাস টার্মিনাল মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত এসআইয়ের নাম পরিমল চন্দ্র ঘোষ (৫৭)। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলায়।

ওসি মোখলেছুর রহমান জানান, এসআই পরিমল চন্দ্র ঘোষ তার কর্মস্থল পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে করে পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর অটোরিকশা চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …