শিরোনাম
মুসলিম দেশগুলো কি এবার এক হবে?
মুসলিম দেশগুলো কি এবার এক হবে?

মুসলিম দেশগুলো কি এবার এক হবে?

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং সম্প্রতি কাতারে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে একটি ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

কাতারে আসন্ন আরব-ইসলামিক সম্মেলনের আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। সোমবার (১৫ সেপ্টেম্বর) এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

আল-সুদানি বলেন, গত মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলায় হামাসের পাঁচ নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তার মতে, “ইসরায়েলের এই ধরনের আচরণ পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।”

ইরাকের প্রধানমন্ত্রী আরও বলেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন না করার কোনো কারণ নেই। তিনি আরব ও ইসলামিক দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।

আল-সুদানির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন দোহায় আরব-ইসলামিক সম্মেলন বসতে যাচ্ছে। এই সম্মেলনে কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং প্রায় এক দশক আগে মিশরের প্রস্তাবিত যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি আলোচিত হবে।

আল-সুদানি জোর দিয়ে বলেন, ইসরায়েলকে ঠেকানোর জন্য মুসলিম বিশ্বের কাছে ‘অনেক ধরনের উপায়’ আছে। তিনি গাজায় প্রায় দুই বছর ধরে চলা ধারাবাহিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সতর্ক করেন যে, ইসরায়েলি আগ্রাসন শুধু কাতারে সীমাবদ্ধ থাকবে না।

প্রসঙ্গত, দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী জরুরি আরব-ইসলামিক সম্মেলন আয়োজন করছে কাতার।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …