শিরোনাম

নিষিদ্ধ আওয়ামী লীগ: নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কায়সার আহম্মদ।

ডিএমপি মিডিয়া শাখা জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত মিরপুর, উত্তরা, লালবাগ, মোহাম্মদপুর, তুরাগ, ডেমরা, ক্যান্টনমেন্ট, কোতোয়ালি, দারুসসালাম ও উত্তরা সেক্টর-১২ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছেন— বরগুনার বেতাগী উপজেলার সাবেক আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ আলী, গাজীপুর মহানগর যুবলীগ নেতা শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মাহমুদ দেওয়ান শিপু ও দফতর সম্পাদক মো. জামিল হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কৃষক লীগের সহসভাপতি মো. সোলেমান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল, টাঙ্গাইলের বাসাইল উপজেলার চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা কাজী অলিদ ইসলাম, ক্যান্টনমেন্ট থানার শ্রমিক লীগ নেতা মোহাম্মদ খাইরুল ইসলাম, ঢাকা মহানগর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. সজিব খান, দারুসসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম খান এবং কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিবি নিশ্চিত করেছে।

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …