বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ প্রায় ৩০.৮৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এই অঙ্ক দাঁড়ায় ২৫.৯৮ বিলিয়ন ডলারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত রোববার রিজার্ভ ছিল ৩০.৫৯ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২৫.৭৫ বিলিয়ন ডলার। এর আগের সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১.৫ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৩০.৩০ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল।
বিশ্ব মানদণ্ড অনুযায়ী, একটি দেশের অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ থাকা প্রয়োজন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ এখন সেই সীমান্তরেখা অতিক্রম করে কিছুটা ভালো অবস্থানে আছে। প্রবাসী আয়, রপ্তানি আয়, বৈদেশিক ঋণ ও বিনিয়োগ থেকে আসা ডলারই মূলত রিজার্ভের প্রধান উৎস।
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরেছে। ফলে বাংলাদেশ ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হয়নি, বরং বাজার থেকে ডলার কিনতে পেরেছে। অথচ ডলার সংকট দেখিয়ে আগের সরকার রিজার্ভের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
এর ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৩.৪০ কোটি ডলার এবং ২ সেপ্টেম্বর আটটি ব্যাংক থেকে ৪.৭৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
Rang Tv News & entertainment
