‘মব সৃষ্টি’ করে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী (বাদল)-কে তুলে নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার (২১ সেপ্টেম্বর) নগরীর কাচারিবাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী লিয়াকত আলী হলেন একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি এবং দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক।
এই ঘটনার পরপরই রংপুরে কর্মরত সাংবাদিকেরা সিটি করপোরেশন প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছেন।
লিয়াকত আলী অভিযোগ করে বলেন, গত ১৭ সেপ্টেম্বর তিনি দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাচারিবাজার মোড়ে থাকার সময় এনায়েত রকি নামে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া এক ব্যক্তি তাকে ফোন করে অবস্থান জেনে দলবল নিয়ে সেখানে যান। সেখানেই একদল লোক তাকে ঘিরে ধরে সিটি করপোরেশনে তুলে নিয়ে আসে। ওই সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়।
তবে অভিযুক্ত এনায়েত আলী রকি তার বিরুদ্ধে ওঠা হেনস্তার অভিযোগ অস্বীকার করে বলেন, কাউকে অসম্মান করা হয়নি, শুধু আপসের চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি জুলাই আন্দোলনের একজন রাজবন্দী সৈনিক। তিনি প্রশ্ন করেন, “আমাদের কর্মসংস্থানের জন্য যদি সরকারি কোনো অর্থায়ন কেউ কোনো দিক দিয়ে করে, সেটা নিয়ে লেখালেখি করে জুলাই রাজবন্দীদের বিকৃত করার কোনো দরকার আছে?”
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা অভিযোগ নাকচ করে বলেন, “রিপোর্টের কারণে মাফ চাওয়ার জন্য সাংবাদিকদের নিয়ে আসার প্রশ্নই ওঠে না। এটি ভিত্তিহীন অভিযোগ।” অন্যদিকে, প্রশাসক শহিদুল ইসলামও এ বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করা গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকিদেরও চিহ্নিত করার কাজ চলছে এবং দ্রুত গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হবে।
Rang Tv News & entertainment
