শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন পেছানোর কারণ জানা গেল

বর্তমান পরিস্থিতি অনুকূল না থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বে ২৫ সেপ্টেম্বর নির্বাচনের কথা থাকলেও, নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা বিশ্ববিদ্যালয় ও হল সংসদের নির্বাচনের পরিস্থিতি পর্যালোচনা করেছে। পর্যালোচনায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি রাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য একেবারেই অনুকূল নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। যার কারণে নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

কমিশন আরও জানায়, একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, “আমরা সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি নতুন নির্ধারিত তারিখে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।”

এর আগে, দুপুরে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল।

এছাড়াও দেখুন

রাজধানীতে ঝটিকা মিছিল: ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে আটক করেছে …