শিরোনাম

টঙ্গীতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণ, আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার কেমিক্যাল গুদামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটলে ভেতরে থাকা লোকজন দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হলে কারখানার এক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের একজন অফিসার ও তিন জন ফায়ার ফাইটারসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ আহতরা হলেন, ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান। দগ্ধ কারখানার কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরে আরও চারটি ইউনিট তাদের সাথে যুক্ত হয়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

এছাড়াও দেখুন

যাত্রাবাড়ীর ধলপুরে এসি বিস্ফোরণ, পুড়ল পুরো পরিবার

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। …