তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তথ্য উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকার গণমাধ্যমের কাছে একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
এছাড়াও, এই বৈঠকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানে মন্ত্রণালয়ের পরিকল্পনা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
Rang Tv News & entertainment
