ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারকে গত ২ আগস্ট রাতে রাজধানীর নিকেতন সোসাইটি (গুলশান-১) এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রোববার (৩ আগস্ট) এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।
ডিবি সূত্র অনুযায়ী, লিয়াকত আলীকে বিএনপির পল্টন অফিসে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সাথে তিনি ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলারও আসামি।
একই রাতে কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন ফরাজীকেও রাজধানীর মতিঝিল এলাকা থেকে ডিবি গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তারা এখনো লিয়াকত আলী গ্রেপ্তারের বিষয়ে কোনো দাপ্তরিক কাগজপত্র পাননি। তবে তিনি নিশ্চিত করেন যে, লিয়াকত বিস্ফোরক আইনের মামলার আসামি। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এই নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং তাদের সঙ্গে আরও ২১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
Rang Tv News & entertainment
