সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে পরিচালিত সাঁড়াশি অভিযানে গত এক সপ্তাহে ২২ হাজার ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট এই খবর প্রকাশ করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৮৩৫ জন আবাসন আইন, ৪ হাজার ৭৭২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৪০ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। এই অভিযান দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৮১৬ জন গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে ইয়েমেনি এবং ইথিওপিয়ানের সংখ্যাই বেশি। যারা এই প্রবাসীদের পরিবহন এবং আশ্রয় দিয়েছেন, এমন ২০ জন সৌদি নাগরিককেও এই সময়ে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২১ হাজার ১৪৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৩২৬ জন পুরুষ এবং ২ হাজার ৮১৭ জন নারী। ইতোমধ্যে ১০ হাজার ৮২০ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি সরকার বারবার অবৈধভাবে প্রবেশে সহায়তাকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিষয়ে সতর্ক করে আসছে।
Rang Tv News & entertainment
