শিরোনাম

পুরুষদের যৌন সমস্যার ‘জোঁকের তেল’ কি সত্যিই কার্যকর? আসল সত্যটা কী?

বাজারে বহু ধরনের হারবাল ও আয়ুর্বেদিক তেল থাকলেও, পুরুষদের গোপন সমস্যার কথিত সমাধান হিসেবে ‘জোঁকের তেল’ একটি ব্যাপক আলোচনার বিষয়। এর ব্যবহার, উপকারিতা এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই তেলকে পুরুষদের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধির জাদুকরী সমাধান হিসেবে প্রচার করা হচ্ছে। দাবি করা হয়, এটি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে, ফলে যৌন সক্ষমতা বাড়ে।

 

বিজ্ঞাপনে গ্যারান্টি দিয়ে বলা হয়, এতে অশ্বগন্ধা, শতাবরী, মুসলি ইত্যাদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় এবং মাত্র কয়েক ফোঁটা ব্যবহারেই অসাধারণ ফল পাওয়া যায়।

তবে চিকিৎসকরা বলছেন, বিষয়টি মোটেও এমন নয়। তাদের মতে, এ ধরনের তথাকথিত ‘হারবাল’ বা ‘আয়ুর্বেদিক’ তেলের বেশিরভাগই অনুমোদনহীন এবং এতে ব্যবহৃত উপাদান স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

অনেক ক্ষেত্রে এতে স্টেরয়েড বা ক্ষতিকর কেমিক্যাল মেশানো থাকে, যা ত্বকে জ্বালা, অ্যালার্জি, এমনকি দীর্ঘমেয়াদী যৌন অক্ষমতা তৈরি করতে পারে।

এ বিষয়ে স্কিনেজ ডার্মাকেয়ারের প্রধান কনসালটেন্ট ডা. তাসনিম তামান্না হক  জানান যে, জোঁকের থেরাপি (হিরুডোথেরাপি) একটি পুরাতন চিকিৎসা পদ্ধতি হলেও, জোঁক থেকে তেল তৈরি করে ব্যবহারের কোনো গবেষণা কোথাও পাওয়া যায়নি।

তিনি বলেন, জোঁকের তেলের অনেক উপকারিতার কথা বলা হলেও, এর অনেক অপকারিতা এবং নিষিদ্ধ ব্যবহার (কন্ট্রাইন্ডিকেশন) আছে।

ডা. তাসনিম তামান্না হক বলেন, যেসব ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম (যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এইডস, ক্যান্সার পরবর্তী কেমোথেরাপি নেওয়া ব্যক্তি) বা যারা রক্ত পাতলা করার ওষুধ (যেমন warfarin) সেবন করছেন, তাদের জন্য এই তেল ব্যবহার করা একেবারেই অনুচিত।

তিনি আরও সতর্ক করেন যে, হিমোফিলিয়া, লিভার ডিজিজ, অ্যানিমিয়া বা ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করলে অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনা বেড়ে যায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে জোঁকের তেল উৎপাদন ও বিপণনে নিষেধাজ্ঞা থাকায় এর কোনো লাইসেন্স নেই এবং সঠিক মনিটরিংও হয় না। ফলে, বাজারে যা বিক্রি হচ্ছে তাতে ক্ষতিকারক উপাদান, যেমন স্টেরয়েড বা যৌন উদ্দীপক কেমিক্যাল মেশানো থাকার সম্ভাবনা প্রবল।

এর যথেচ্ছ ব্যবহারে অ্যালার্জিক রিয়েকশন, সেলুলাইটিস, কুশিং সিন্ড্রোম বা অ্যাড্রিনাল ইনসাফিশিয়েন্সি-এর মতো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের তেল ব্যবহার না করার পরামর্শ দেন তিনি, বিশেষ করে সংবেদনশীল ত্বক বা যাদের যৌন সমস্যার মূল কারণ অজানা।

এছাড়াও দেখুন

নিজাম গ্রেপ্তার মসজিদে চুরির ঘটনায় মুসল্লিদের ক্ষোভ প্রশমিত।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আলোচিত কুতুব শাহী মসজিদের দান বাক্স চুরির ঘটনার প্রধান আসামি নিজামকে (৪৭) দুই …