আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং এর তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। একইসঙ্গে তিনি নির্বাচনে ড্রোন এবং এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন।
সানাউল্লাহ বলেন, এআই ব্যবহার করে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো (ডিসইনফরমেশন) রোধে ইসি কঠোর হয়েছে। প্রার্থীর কণ্ঠস্বর নকল করে বা ভুয়া ভিডিও তৈরি করে কাউকে হেয় করার চেষ্টা ঠেকানোর জন্য আচরণবিধিতে নতুন ধারা যুক্ত করা হয়েছে। এই অপব্যবহার রোধে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো প্রার্থী, তার এজেন্ট বা গণমাধ্যম—কেউই নির্বাচন চলাকালীন ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করতে পারবে না। কারণ, এসবের অপব্যবহার চিহ্নিত করা কঠিন। এছাড়া, ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়েও ইসি কাজ করছে, যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি।
Rang Tv News & entertainment
