স্বাধীনতার পর এই প্রথম কোনো নারী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন। রেহানা পারভীনকে এই পদে বেছে নিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্বাধীনতার পর শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধান হিসেবে কোনো নারী কর্মকর্তার নাম সাবেক সচিবদের তালিকাতেও নেই। এই নিয়োগের মাধ্যমে রেহানা পারভীন একটি নতুন ইতিহাস সৃষ্টি করলেন।
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের জেরে আগের সচিব সিদ্দিক জোবায়েরকে সরিয়ে দেওয়া হয়। প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে এই পদটি ফাঁকা ছিল। এখন সেই শূন্যস্থানে এলেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সচিবদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ১৯৭২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত একীভূত শিক্ষা মন্ত্রণালয়ে ৩২ জন এবং বিভাগ ভাগ হওয়ার পর এখন পর্যন্ত ছয়জনসহ মোট ৩৮ জন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই তালিকার প্রথম নারী কর্মকর্তা হিসেবে নাম লেখালেন রেহানা পারভীন।
এর আগে গত ২৩ জুলাই আগের শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার প্রজ্ঞাপন জারি হয়। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হওয়ায় ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। সেই ঘটনার পর সরকার তাকে প্রত্যাহারের ঘোষণা দেয়।
Rang Tv News & entertainment
