ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মৃত্যুমিছিল থামছেই না। প্রতিদিন ইসরায়েলি হামলায় রক্তে রঞ্জিত হচ্ছে এই ছোট্ট ভূখণ্ড। সবশেষ হামলায় আরও অন্তত ৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬২ হাজার ৪ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬০ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৩৪৪ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩০ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই শিশুও রয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ১১২ জন শিশু।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
এদিকে, গত ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনী জরুরি খাদ্য ও সরবরাহ পৌঁছানোর চেষ্টা করার সময় ১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৪ হাজার ৭০১ জনকে আহত করেছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তা সত্ত্বেও তাদের বর্বরতা থেমে নেই, যা নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।
Rang Tv News & entertainment
