শিরোনাম

মিশরীয় শ্রমিকের সামনে সিংহ ছেড়ে দিলেন লিবিয়ার মালিক

লিবিয়ায় এক কৃষকের খামারে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, খামারের মালিক তার মিশরীয় শ্রমিকের সামনে হঠাৎ করে একটি সিংহ ছেড়ে দেন।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে মালিক শ্রমিককে সিংহটিকে চুমু খেতে বলেন। সিংহটি এগিয়ে আসতেই আতঙ্কে শ্রমিকটি দৌড়ে পালাতে শুরু করেন। এই দৃশ্যটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি নিয়ে ব্যবহারকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনেকে এই ঘটনাকে ‘শ্রমিকের জীবনের সঙ্গে নিষ্ঠুর খেলা’ বলে আখ্যা দিয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এই ঘটনার পর লিবিয়ার কর্তৃপক্ষ এখনও কোনো পদক্ষেপের ঘোষণা দেয়নি। ঘটনার সত্যতা যাচাই বা তদন্ত সম্পর্কেও তারা কিছু জানায়নি। তবে এই ভিডিওকে কেন্দ্র করে দেশটিতে শ্রমিক নিরাপত্তা, বন্যপ্রাণী নিয়ন্ত্রণ এবং আইনগত জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এর আগেও লিবিয়ায় অভিবাসী শ্রমিকদের ওপর অমানবিক আচরণের খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে, দেশটিতে বিদেশি শ্রমিকরা মানবপাচার, শোষণ এবং নানা ধরনের নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন। কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শ্রমিক নিরাপত্তা এখনও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …