উপদেষ্টা পরিষদ অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা চুক্তির অনুমোদন দিয়েছে। এর ফলে এই দুই শ্রেণির পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই বাংলাদেশ ও পাকিস্তানে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি।”
এই চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর মাধ্যমে বাংলাদেশি অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে, পাকিস্তানি অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন।
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি আগে থেকেই পাওয়া গেছে। এর ফলে দু’দেশের কূটনৈতিক এবং সরকারি পর্যায়ে যাতায়াত আরও সহজ হবে।
Rang Tv News & entertainment
