ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর হোদাইদাতে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই বন্দরটি লক্ষ্য করে ইসরায়েলি বিমানবাহিনী অন্তত ১২ বার বিমান হামলা চালায়।
হামলার কয়েক ঘণ্টা আগে হোদাইদা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর বিমান থেকে মিসাইল ও বোমা ছোড়া হয়। এই খবর জানিয়েছে আল জাজিরা।
হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হুতি বিদ্রোহীরা হোদাইদা বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে, যা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়।
হোদাইদা বন্দর সম্পূর্ণ বেসামরিক একটি অবকাঠামো এবং ইয়েমেনের অর্থনীতির বড় অংশ এই বন্দরের ওপর নির্ভরশীল। দেশটির হুতি বিদ্রোহীরা জানিয়েছে, সাধারণ মানুষের দুর্দশা বাড়াতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই বন্দরে হামলা চালাচ্ছে।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন যে, ইয়েমেনে তাদের এ ধরনের হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, হুতি বিদ্রোহীদের ওপর নৌ ও আকাশ অবরোধ অব্যাহত রাখতে এই হামলা চালানো হয়েছে। হুতিরা ভবিষ্যতে আরও হামলার মুখোমুখি হবে এবং ইসরায়েলের ওপর হামলার চেষ্টার জন্য চড়া মূল্য দেবে।
উল্লেখ্য, ইসরায়েল এর আগের দুই সপ্তাহেও ইয়েমেনে বড় হামলা চালিয়েছিল। এতে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ জন মন্ত্রী এবং গত সপ্তাহের হামলায় অন্তত ৩১ জন সাংবাদিক নিহত হন।
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্যবার ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা।
Rang Tv News & entertainment
