সেপ্টেম্বর মাসেও দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত আছে। এই মাসের প্রথম ২১ দিনেই প্রবাসীরা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সেপ্টেম্বরের ২১ দিনে মোট ২০৩ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬৩ কোটি ডলার।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ২১ দিন পর্যন্ত রেমিট্যান্স এসেছে মোট ৬৯৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৫৭৭ কোটি ডলার। সেই হিসেবে, চলতি অর্থবছরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ২০.১ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৪৮ কোটি ডলার এবং আগস্টে এসেছিল ২৪২ কোটি ডলার। গত অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল সেই বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার।
আরো দেখুন ৫৭ বছর পর যুক্তরাষ্ট্রে সিরিয়ার প্রেসিডেন্টের সফর
Rang Tv News & entertainment
